রাঙামাটির স্বর্ণটিলায় হিল ফুল ফুজুল স্বর্ণটিলা যুবসংঘের উদ্যোগে প্রথমবারের মতো ইসলামিক জ্ঞানচর্চা বিষয়ক মাসিক মাহফিল ‘পবিত্র সিরাতুল মুস্তাকিম’ অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় জ্ঞানচর্চা, ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটানোর লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গুরা সিনিয়র আলিম মাদ্রাসা, বোয়ালখালীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও স্বর্ণটিলা জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা নুরুল আলম আল ক্বাদেরী।
আলোচনায় তিনি নামাজের নিয়ত, সূরা ফাতিহার গুরুত্ব, নামাজের তাৎপর্যসহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ তানজিলুর রহমান। এ সময় মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মসজিদের সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ ইউনুস।
মাহফিলে সংগঠনের উচ্চপর্যায়ের সদস্য ও পরিচালকবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি জানায়, ইসলামিক জ্ঞানচর্চার ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি মাসের তৃতীয় শুক্রবার এ মাহফিলের আয়োজন করা হবে।
নিয়মিত এ আয়োজনের মাধ্যমে এলাকায় দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধ চর্চার একটি ধারাবাহিক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছেন আয়োজকরা।