পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল; মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ
বান্দরবানের আলীকদমে রোজিনা বেগম (১৪) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আলীকদম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠান্ডা মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির জন্য পানি আনতে গিয়ে ফেরার পথে হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায় রোজিনা। পরে স্থানীয়রা তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, রোজিনা দীর্ঘদিন ধরে রক্তশূন্যতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। তার মধ্যে কথিত জিন-আসরের প্রভাব রয়েছে বলেও ধারণা করতেন স্বজনরা। প্রায় দেড় মাস আগে ১৮ বছর বয়সী এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়াইব মাহমুদ আবীর জানান, হাসপাতালে আনার আগেই কিশোরীর মৃত্যু হয়েছিল। ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু।
আলীকদম থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।