মার্মা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে বান্দরবানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পাহাড়ের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে ধর্মীয় আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচি।

 

এরই ধারাবাহিকতায় রবিবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এতে একঝাঁক তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়ার মুখ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে উজানীপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব উদযাপন পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার সহসভাপতি থুইসিং প্রু (লুবু)।

এ সময় আরও উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনু মং, পরিষদের সাবেক সভাপতি উইন মং জলি এবং আদিবাসী ফোরাম, বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উছোমং মার্মাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকেরা জানান, মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবকে ঘিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার চর্চা, ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে রথযাত্রা, প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলন কর্মসূচি। বিকেল ৫টায় পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে মঙ্গল রথযাত্রা শুরু হবে। পরে রাজগুরু বৌদ্ধবিহার (খ্যংওয়াক্যং) ও উজানীপাড়া রাজগুরু বৌদ্ধবিহারে (খিয়ংফিয়াক্যং) পূজা-অর্চনার মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটবে বলে উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবকে ঘিরে বান্দরবানের পাহাড়ি জনপদে এখন বিরাজ করছে আনন্দ ও উৎসবের আবহ।