রাঙ্গামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদ, পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ চলবে। এ কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণ এবং দুই জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনসহ সংশ্লিষ্ট কিছু যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।