রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের ব্যারিকেডে আটকা পড়ে। পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষের সময় প্রায় দুই থেকে তিন হাজার পর্যটক আটকা পড়েছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পর্যটকবাহী গাড়িগুলোকে পাহারা দিয়ে খাগড়াছড়ির দিকে নিয়ে যান। এ ঘটনায় এক সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেয়। বিবৃতিতে জেএসএসের (সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের তৎপরতা নিয়ে অভিযোগ তোলা হয়।

এদিকে, ২২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।