বান্দরবানের থানচি উপজেলার কমলাবাগান ত্রিপুরা পাড়ায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক জোরদার, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং পাড়ার সার্বিক উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সকালে বলিপাড়া জোন এলাকার কমলা বাগান ত্রিপুরা পাড়ার প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জোনের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস (পদাতিক) বলেন, “পাহাড়ের আস্থার প্রতীক বিজিবি পাহাড়ের মানুষের বিপদে-আপদে ও চিকিৎসাসেবায় সব সময় পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” পাহাড়ের মানুষের কল্যাণ ও উন্নয়নে বিজিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

মতবিনিময় সভায় কমলাবাগান ত্রিপুরা পাড়ার কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষ এবং শিশু-কিশোরসহ গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় পাড়ার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে হারমোনিয়াম, তবলা, সাউন্ড সিস্টেম ও স্পিকার এবং সৌরবিদ্যুৎ সুবিধার জন্য সোলার প্যানেল দেওয়ার আশ্বাস দেন বিজিবি জোন অধিনায়ক।

স্থানীয় পর্যায়ে গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে বিজিবি ও পাহাড়ের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

পাহাড়ের প্রত্যন্ত জনপদে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।