কক্সবাজারের উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টমস মোড় ডাকবাংলা নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়,বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, উদ্ধার করা ইয়াবার ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং জব্দ করা মাদক পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে অবৈধ মাদক প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।