বান্দরবান পৌরসভার শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভুগী নারীর করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভুক্তভোগী নারীর একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেখানে ওই তরুণী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শৈক্য চিং মার্মা তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান। পরে তাঁকে সাইনি রিসোর্টে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, রিসোর্টের ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে পাশের শিশু পার্কের লোকজন ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানানো হলে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অভিযুক্ত শৈক্য চিং মার্মা বান্দরবান বাজার এলাকার জমজম গলির সামনে বসবাস করেন বলে ভুক্তভোগী জানিয়েছেন। ঘটনার পর পুলিশ বিষয়টি আমলে নিয়ে তাঁকে তাঁর বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে, শৈক্য চিং মার্মা নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা পর্যায়ের নেতা বলে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযুক্তকে তাঁর বাসা থেকে থানায় আনা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অপরাধী যে-ই হোক, তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানান তিনি।