রাঙামাটি শহরের আসামবস্তি–তবলছড়ি সড়কের বেহাল দশা ও দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ করেছেন সিএনজিচালক ও স্থানীয়রা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা এ অবরোধ চলে।

সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত ও খানাখন্দের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে স্বর্ণটিলা কবরস্থান-সংলগ্ন সড়ক এবং আসামবস্তি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে প্রাণিসম্পদ অধিদপ্তর পর্যন্ত অংশকে বেশি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করছেন তাঁরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, সড়কের ছোট ছোট গর্ত এখন বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। সময়মতো সংস্কার না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, পর্যটক ও সাধারণ মানুষ। ফলে সড়কটির বেহাল অবস্থা জনদুর্ভোগের পাশাপাশি জননিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

সড়ক সংস্কারের দাবিতে অবরোধে অংশ নেন সিএনজিচালক ও তবলছড়ি থেকে আসামবস্তি এলাকার সাধারণ মানুষ।

এ সময় সিএনজি চালক নজরুল ইসলাম রাজিব বলেন আমাদের দাবি, গুরুত্বপূর্ণ এ সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কার করে যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।

সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করলেও এর ঝুঁকিপূর্ণ অবস্থার স্থায়ী সমাধান চান স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়ক সংস্কার এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের দাবি জানিয়েছেন চালক ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।