রাঙামাটির পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারে শহরের ফিশারী বাঁধসংলগ্ন লেক ভিউ গার্ডেনে স্থাপন করা হয়েছে পুলিশ বক্স। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সড়ক বিভাগের পক্ষ থেকে পুলিশ বক্সটি রাঙামাটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ফিতা কেটে পুলিশ বক্সটির উদ্বোধন করেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

পুলিশ বক্স হস্তান্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা উপস্থিত ছিলেন। এ ছাড়া সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রনেন চাকমা ও তিথি চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, লেক ভিউ গার্ডেন রাঙামাটির অন্যতম উন্মুক্ত বিনোদনকেন্দ্র। এখানে কোনো প্রবেশমূল্য ছাড়াই স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা ঘুরে বেড়াতে পারেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত নজরদারি করছে। পুলিশ বক্স স্থাপনের ফলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হবে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা যাতে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য ও কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই লেক ভিউ গার্ডেন তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক বিভাগের পক্ষ থেকে পুলিশ বক্সটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি শহরের ফিশারী বাঁধসংলগ্ন এলাকায় অবস্থিত লেক ভিউ গার্ডেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে একটি পরিচিত বিনোদনকেন্দ্র। কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য, বিভিন্ন প্রজাতির গাছপালা এবং খোলামেলা পরিবেশের কারণে প্রতিদিনই এখানে সময় কাটাতে আসেন অনেকে। বিশেষ করে বিনা প্রবেশমূল্যে প্রকৃতির সান্নিধ্যে অবসর কাটানোর সুযোগ থাকায় স্থানটি নগরবাসীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে গার্ডেনের দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপনকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে গার্ডেন এলাকায় পুলিশের উপস্থিতি ও নজরদারি আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা স্বস্তিতে সময় কাটানোর সুযোগ পাবেন।

অনুষ্ঠান শেষে লেক ভিউ গার্ডেন প্রাঙ্গণে একটি জারুলগাছের চারা রোপণ করেন রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব পিপিএম।