বান্দরবান প্রেসক্লাবের আসন্ন ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে জেলার সাংবাদিক অঙ্গন। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে লড়তে আজ ১২ অক্টোবর (সোমবার) আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সময় টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি এন এ জাকির।
প্রেস ক্লাব সূত্রে জানাযায়, “বিগত মেয়াদে বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। প্রেসক্লাবের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, পেশাগত মান বৃদ্ধি এবং স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে তিনি প্রশংসনীয় ও কার্যকরী ভূমিকা রেখেছেন।
বান্দরবানের কর্মরত কয়েকজন সাংবাদিক জানান, এন এ জাকির তাঁর বিগত মেয়াদের কাজ ও দায়িত্বশীলতার মাধ্যমে জেলার পুরো সাংবাদিক সমাজের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সহকর্মীদের যে কোনো সুখে-দুঃখে পাশে থাকার কারণে সহকর্মীদের নিকট তিনি বরাবরের মতোই পছন্দের শীর্ষ তালিকায় রয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় এন এ জাকির বলেন, "বিগত দিনে বান্দরবান প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য ও সহকর্মীদের সহযোগিতায় প্রেসক্লাবের মর্যাদা রক্ষা ও উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। সাংবাদিকদের অধিকার রক্ষা ও প্রেসক্লাবের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আমি আবারো সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমি সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া প্রার্থী।"
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রেসক্লাব কেন্দ্রিক জল্পনা-কল্পনা ও উৎসাহ-উদ্দীপনা দিন দিন বাড়ছে। ক্লাব সদস্যরা আশা করছেন, উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে বান্দরবান প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
বিস্তারিত→আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি