খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বায়তুশ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম রিয়াদ নামের এক সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে আরামবাগের বায়তুশ শরফ এলাকার ওই স্টোররুমের জানালার ফাঁক দিয়ে রিয়াদকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি প্রতিনিধিদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে।

নিহত সাইফুল ইসলাম রিয়াদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪ বেঙ্গল ইউনিটের সাবেক সদস্য ছিলেন। তিনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর সংশ্লিষ্ট সিগারেট কোম্পানির ওই স্টোররুমে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত, তার স্ত্রীর নাম মোছা. হোসনেয়ারা। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন। তার বড় মেয়ের বয়স ৪ বছর এবং ছোট মেয়ের বয়স ২ বছর বলে জানা গেছে। তাঁর বাড়ি জেলা সদরের কলাবাগান এলাকায়। বাবা মনসুর আহমেদ অবসরপ্রাপ্ত এসএসডি কুক।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. কায় কিসলু জানান, 'খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'