রেমবো ত্রিপুরা, থানচি
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপহৃত ব্যক্তি উদ্ধার, অপরাধ দমন, পর্যটকদের নিরাপত্তা, দুর্ঘটনাকবলিতদের উদ্ধার এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতি জোরদারে কাজ করছে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) সম্প্রতি বলিপাড়া জোনের আভিযানিক কার্যক্রম, মানবিক সহায়তা ও সম্প্রীতি উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন জোন অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস।
প্রেস ব্রিফিংয়ে জোন অধিনায়ক জানান, এবছর ২০ মে আরাকান আর্মিতে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনাকারী দুই যুবকসহ অপহরণের সঙ্গে জড়িত মাংলে ম্রোকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়। পরে ২২ মে বিদ্যামনি পাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে অপহৃত মো. আমু হোসেনকে উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণের তিন লাখ টাকা এবং অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ছাড়া বিভিন্ন সময়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ দমন, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পর্যটক উদ্ধার থেকে অগ্নিনির্বাপণ, দুর্ঘটনায়ও পাশে বিজিবি আভিযানিক কার্যক্রমের পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলে মানবিক সহায়তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির ভূমিকার কথাও তুলে ধরেন জোন অধিনায়ক।
তিনি জানান, গত ৪ জুলাই আমিয়াখুম ভ্রমণে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে থুইসা পাড়া এলাকায় আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করে বিজিবি। এ ছাড়া ১৬ সেপ্টেম্বর বলি বাজারে মধ্যরাতে গ্যাসের সংযোগে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হলে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেন বিজিবির সদস্যরা।
গত ৫ অক্টোবর দুর্গম তিন্দু বাজার থেকে প্রায় ৬০০ গজ দূরে চাঁদের গাড়ি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হন। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধারসহ জরুরি সহায়তা কার্যক্রমে বিজিবি সদস্যরা মুখ্য ভূমিকা পালন করেন।
দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, প্রতিকূল আবহাওয়া ও জরুরি পরিস্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়ানোকে বিজিবির মানবিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
শিক্ষা, চিকিৎসা ও আর্থসামাজিক উন্নয়নে সহায়তা নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং পাহাড়ি জনপদে সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে বলিপাড়া জোন।
প্রেস ব্রিফিংয়ে জোন অধিনায়ক জানান, এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, ক্রীড়াসামগ্রী প্রদান, ক্রীড়া কার্যক্রমে সহায়তা, মেডিকেল ক্যাম্পেইন, চিকিৎসাসেবা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি অসচ্ছল পরিবারের বিবাহে সহায়তা, ঘর নির্মাণ এবং খাদ্যসহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও জানান, এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে স্থানীয় জনগণের আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধি, অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি করা। নিরাপত্তার পাশাপাশি সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্ব পাহাড়ের দুর্গম জনপদে আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকে গুরুত্ব দিচ্ছে বলিপাড়া জোন।
সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে বিজিবি ভূমিকা রাখছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে বলিপাড়া জোনের এসব উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হচ্ছে বলেও জোন অধিনায়ক জানান।