রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে এ পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী সাক্ষরিত জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত ও অনিবার্য পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

জেলা প্রশাসক জানিয়েছেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এই জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সাজেক ভ্যালি পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার সাজেকে স্থানীয় দুটি সংগঠনের বিক্ষোভের কারণে সড়কে তিন ঘণ্টা আটকে ছিল পর্যটকবাহী গাড়িবহর। পুলিশ ও সেনাবহিনীর আলোচনা শেষে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যাওয়ায় গাড়িগুলো গন্তব্যে পৌঁছায়।