মোহাম্মদ শাকিব হোসেন, রাঙামাটিঃ রাঙামাটি সদরের বিভিন্ন রিসোর্ট ও রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, বাসি-পচা খাবার সংরক্ষণ এবং অননুমোদিত নকল মসলা ব্যবহারের মতো বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
জেলাপ্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামজিদ রহমান অভিযানটি পরিচালনা করেন।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫২ ধারা ভঙ্গের দায়ে বার্গি রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই আইনের ৩৯ ধারা ভঙ্গের দায়ে রেজাং রিসোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মূল্য তালিকা প্রদর্শন, খাবারের মান ও সংরক্ষণ ব্যবস্থা এবং ব্যবহৃত মসলাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পরিদর্শন করা হয়। এসময় অনিয়মগুলো পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।