মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটিঃ গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা ও জনদুর্ভোগ রোধে রাঙামাটি সদরের চারটি গ্যাস ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈকত বিশ্বাসের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় রাঙামাটি সদরের হাজী আব্দুল বারী মাতব্বর অটো গ্যাস, মশার হিল ভিউ ফিলিং স্টেশন, মা পেট্রোলিয়াম ও আলাউদ্দিন অটো গ্যাস স্টেশন পরিদর্শন করা হয়।

মোবাইল কোর্টের সময় প্রতিষ্ঠানগুলোর গ্যাসের মজুদ, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি স্টক রেজিস্টার ও সাপ্লাই ভাউচার যাচাই-বাছাই করা হয়।পরিদর্শনে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে এবং গ্যাসের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়।