মোহাম্মদ শাকিব হোসেন, রাঙামাটিঃ রাঙামাটি সদর উপজেলার ভেদভেদি ও মানিকছড়ি এলাকায় দুটি ফিলিং স্টেশনে এলপি গ্যাস (অটোগ্যাস) এর সুষ্ঠু সরবরাহ, বিতরণ ও বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে এলপি গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ফিলিং স্টেশনগুলোর স্টক রেজিস্টার, মজুদ পরিস্থিতি, ন্যায্যমূল্যে বিক্রয়, মূল্যতালিকা, ট্রেড লাইসেন্স, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাগজপত্র ও কার্যক্রম যাচাই করা হয়।

এ সময় বিক্রেতাদের আইনানুগভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে এলপি গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং এর মাধ্যমে মূল্যবৃদ্ধি না করার বিষয়ে তাদের সতর্ক করা হয়।

এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।