নয়ন মনি তঞ্চঙ্গ্যাঃ বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী একটি খোলা জিপ (স্থানীয়ভাবে 'চাঁদের গাড়ি' নামে পরিচিত) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ডিমপাহাড় এলাকা থেকে তিন্দু নৌঘাটের দিকে নামার সময় নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ও আহত হওয়া সব পর্যটক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তারা নিজেদের ব্যবস্থাপনায় গাড়ি নিয়ে থানচির তিন্দু ও টেন্ডুমুখ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছিলেন।
নিহতরা হলেন ১. মো. জিয়াবুল (৩৫), পিতা: মৃত সামছু মিয়া (৬ নম্বর ওয়ার্ড, খুটাখালী, চকরিয়া)। ২. মো. জসিম ওরফে পালিশ (৩৭), পিতা: মোজাহের হোসেন (৬ নম্বর ওয়ার্ড, খুটাখালী, চকরিয়া)। দুর্ঘটনায় আহতরা হলেন—শীষ মো. রাসেল (৩৮), লিটন সিকদার (৩৭), গাড়িচালক লিটন (৪০), কাদের হোসেন খলিফা কাদির (৪১) এবং শাহজালাল হোসেন (৩৫)।
স্থানীয় সূত্র ও বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সূত্রে জানা যায়, পাহাড়ি খাঁদ নেমে আসার সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে প্রায় একশো ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ৩৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর দিকনির্দেশনায় টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিজিবি সদস্যরা দুর্গম খাদ থেকে নিহত ও আহতদের উদ্ধার করেন।
আহতদের প্রাথমিক ও জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়ের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মিয়েল চাকমা জানান, আহতদের চিকিৎসা প্রদান ও নিহতের মরদেহ হস্তান্তরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক জানান, খবর পাওয়া মাত্রই বিজিবি সদস্যরা সর্বোচ্চ দক্ষতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন এবং আহতদের চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে। একই সাথে ঘটনা বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।