পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক সরকারের তিনটি পৃথক কমিটি গঠনের প্রতিবাদে আগামীকাল সোমবার (৫ অক্টোবর) ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকার গঠিত জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি বাতিলসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হবে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১৯ সদস্যবিশিষ্ট ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৫ সদস্যবিশিষ্ট ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চেয়ারম্যানকে সভাপতি করে ৯ সদস্যবিশিষ্ট ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, উন্নয়ন, সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা এবং প্রচলিত আইন ও চুক্তির শর্ত পর্যালোচনা করে জাতীয় কর্মকৌশল নির্ধারণের জন্য এসব কমিটি গঠন করা হয়েছে। জাতীয় কমিটিকে বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ ও কর্মকৌশল চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী কমিটিকে জাতীয় কর্মকৌশলের খসড়া প্রণয়ন এবং পরামর্শক কমিটিকে উন্নয়ন, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নাগরিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এসব কমিটি গঠনের বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, বিদ্যমান পার্বত্য চট্টগ্রাম চুক্তি, আঞ্চলিক পরিষদ আইন ও পার্বত্য জেলা পরিষদ আইনের আওতায় প্রতিষ্ঠিত বিশেষ শাসনব্যবস্থার সঙ্গে নতুন কমিটিগুলোর কার্যপরিধির সাংঘর্ষিকতা রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠান ও চুক্তি স্বাক্ষরকারী পক্ষকে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়নি বলেও তারা অভিযোগ করছে।
এরই ধারাবাহিকতায় তিন পার্বত্য জেলায় নাগরিক সমাজের পক্ষ থেকে সমাবেশ, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে ‘পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর উদ্যোগে সংবাদ সম্মেলন করে তিনটি কমিটি বাতিল এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি জানানো হয়।