বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ-২০২৬ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। মাঠপর্যায়ে নির্ভুল, নিরপেক্ষ ও মানসম্মত তথ্য সংগ্রহের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি জেলা পরিষদ রেস্ট হাউসের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্র।

প্রশিক্ষণে ক্ষুদ্র নৃগোষ্ঠী-সংক্রান্ত জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষ করে তথ্য সংগ্রহের পদ্ধতি, প্রশ্নপত্র সঠিকভাবে পূরণ, তথ্য যাচাই-বাছাই, তথ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কাছ থেকে যথাযথ তথ্য সংগ্রহ এবং কোনো তথ্য যাতে বাদ না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের মাধ্যমে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জনসংখ্যা, আর্থসামাজিক অবস্থা, জীবনযাত্রা, শিক্ষা, পেশা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্য পরবর্তীতে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন সরকারি কার্যক্রম গ্রহণে সহায়ক হিসেবে ব্যবহৃত হবে।

নাইক্ষ্যংছড়ি পার্বত্য সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তাদের জীবনযাত্রা ও আর্থসামাজিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরতে নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ২২ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার অংশ নেন। প্রশিক্ষণ শেষে তারা নির্ধারিত এলাকায় গিয়ে জরিপ কার্যক্রম পরিচালনা করবেন।সংশ্লিষ্টরা জানান, মাঠপর্যায়ে জরিপের তথ্য সংগ্রহের সময় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, গোপনীয়তা রক্ষা এবং নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর বাস্তব অবস্থা ও প্রয়োজনীয়তার একটি সমন্বিত চিত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।