বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল ২৭ সেপ্টেম্বর বান্দরবানের চারটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে পর্যটনপ্রেমীদের জন্য এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন।