রাঙামাটি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা বনরূপায় প্রথম ধাপে আটটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এসব ক্যামেরা স্থাপন করা হয়।
পুলিশ জানিয়েছে, শুধু ক্যামেরা স্থাপন নয়, সেগুলোর ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পুলিশের একটি বিশেষ টিম দায়িত্ব পালন করবে। কোথাও অস্বাভাবিক পরিস্থিতি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সড়কে কোনো অসঙ্গতি ধরা পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের একটি মোবাইল টিমও প্রস্তুত থাকবে।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানান, রাঙামাটিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও দর্শনার্থীরা এখানে আসেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে বনরূপায় আটটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও ক্যামেরা বসানো হবে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে এবং কোনো অসঙ্গতি বা অপরাধমূলক কর্মকাণ্ড ধরা পড়লে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের এই উদ্যোগে বনরূপা এলাকায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ল। ক্যামেরার ফুটেজ অপরাধ বা দুর্ঘটনার পর ঘটনা বিশ্লেষণ এবং তদন্তে সহায়ক তথ্য হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করবে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বনরূপা রাঙামাটি শহরের ব্যস্ততম এলাকাগুলোর একটি। প্রতিদিন এখানে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে সিসিটিভি নজরদারি চালু হওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজরদারি তৈরি হবে বলে তাঁরা মনে করেন।
পুলিশ জানিয়েছে, পর্যায়ক্রমে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়, বাজার, নৌঘাট, পর্যটনকেন্দ্র, প্রবেশপথ ও ব্যস্ত সড়কগুলোও সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।