রাঙ্গামাটি রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর রোমাঞ্চকর ফাইনালে রাঙ্গামাটি সদর উপজেলাকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিলাইছড়ি উপজেলা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্টেডিয়ামের গ্যালারি। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

ফাইনালের আগে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। হিল মিউজিক একাডেমির ব্যান্ড শো দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৯ নম্বর পার্বত্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার আমীর আবদুল আলীম ও ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ), রাঙামাটি-এর সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির সহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে এত সুন্দর ও সুশৃঙ্খল একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রশংসনীয়। তিনি এ আয়োজনের জন্য রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলার সুযোগ তৈরি হয়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিলাইছড়ি উপজেলা দল পেয়েছে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। রানার্সআপ রাঙ্গামাটি সদর উপজেলা দল পেয়েছে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার দল অংশ নেয়। রাঙ্গামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের মধ্য দিয়ে রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।