খেলার মাঠে তরুণদের ব্যস্ত রাখার পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে রাঙামাটির স্বর্ণটিলার ক্রীড়া ও সামাজিক সংগঠন উদয়ন ক্লাব। সংগঠনটির লক্ষ্য—অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন ও মেধা যেন থেমে না যায়।
এসএসসি ২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উদয়ন ক্লাবের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শিক্ষা সহায়তা কার্যক্রম চালু ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের বই, খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। নেতৃবৃন্দ মনে করেন, একটি শিশুর মেধা বিকাশের পথে আর্থিক সংকট কোনোভাবেই বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়।
উদয়ন ক্লাবের সভাপতি মোহাম্মদ রাকিব হাসান মুরাদ ও সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ অরণ্য বলেন, শুধু খেলাধুলার মধ্যেই সংগঠনের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চান না তারা। তরুণদের শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের সঙ্গে সম্পৃক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনির উদ্দিন জানান, উদ্যোগগুলো বাস্তবায়নে সংগঠনের সদস্যদের আরও সক্রিয় করা হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা, শিক্ষা সহায়তা ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের ইতিবাচক পথে রাখার পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দের প্রত্যাশা, একটি বই, একটি খাতা কিংবা একটি কলম—ছোট্ট এই সহযোগিতাই কোনো শিক্ষার্থীর জীবনে বড় স্বপ্নের দরজা খুলে দিতে পারে।
তাই খেলাধুলার শক্তি ও শিক্ষার আলোকে একসঙ্গে ধারণ করে তরুণ সমাজকে এগিয়ে নেওয়া এবং একটি সুন্দর, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে চায় উদয়ন ক্লাব।