বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে ৬ কার্ড ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটার দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার জসিন উদ্দিন (৪২), পিতা মোহাম্মদ আব্দু জব্বার এবং মোশাররফ (২২), পিতা মমতাজ মিয়া।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৬ কার্ড ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক পরিমাণ ৬০ হাজার পিস। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা বর্তমানে থানার হেফাজতে রয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।