কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারীরা পালিয়ে যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ)-এর একটি আভিযানিক দল মধ্যম কচ্ছপিয়ায় নুরুল কবিরের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা সংঘবদ্ধ মানবপাচারকারীরা বিষয়টি টের পেয়ে দিক-বিদিক দৌড়ে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল তল্লাশি করে পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে অজ্ঞাতনামা মানবপাচারকারীরা এসব ব্যক্তিকে জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ উদ্দেশ্যে নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য ওই এলাকায় একত্রিত করেছিল।

উদ্ধার হওয়া পাঁচজন এবং জব্দ করা মোবাইল ফোন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।