বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার এলাকায় রবি টাওয়ারের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি যাওয়ার ঘটনায় টানা ১০ দিন ধরে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, টাওয়ারের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি যাওয়ার পর বিষয়টি রবি হেল্পলাইনে জানানো হলে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করে সেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাসের সময়সীমা পেরিয়ে ১০ দিন অতিবাহিত হলেও এখনো সেবা স্বাভাবিক হয়নি। ফলে জরুরি প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ এবং ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।
স্থানীয়রা জানান, বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেট যোগাযোগ মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, মোবাইল ব্যাংকিং, অনলাইন লেনদেন, শিক্ষার্থীদের পড়াশোনা, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণসহ জরুরি যোগাযোগের ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ওপর নির্ভর করতে হয়। কিন্তু টাওয়ারের সরঞ্জাম চুরির পর থেকে এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এবিষয়ে রবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে চুরি হওয়া সরঞ্জামের আলামত সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা নিয়ে আসা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
তবে স্থানীয়দের প্রশ্ন, চুরির ঘটনার পর ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হলেও কেন ১০ দিনেও সেবা স্বাভাবিক হলো না। দ্রুত সরঞ্জাম প্রতিস্থাপন করে নেটওয়ার্ক সচল করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, গজালিয়া ইউনিয়নসহ লামা উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বাসাবাড়ি, দোকানপাট ও রিসোর্টে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আগে থেকেই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এসব ঘটনার মধ্যে এবার একটি মোবাইল টাওয়ারের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি যাওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও এসব অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তারা এলাকায় নিরাপত্তা জোরদার এবং চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত চুরি হওয়া রবি টাওয়ারের সরঞ্জাম প্রতিস্থাপন করে মোবাইল ও ইন্টারনেট সেবা পুরোপুরি সচল করতে হবে। একই সঙ্গে টাওয়ারের সরঞ্জাম চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় ধারাবাহিক চুরির ঘটনাগুলোও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।