রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় মাবনরবস্তীস্থ শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় রিজার্ভ বাজার ফুটবল একাডেমী ও চন্দ্রঘোনা ফুটবল একাডেমী।
৯০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চন্দ্রঘোনা ফুটবল একাডেমী জয় ছিনিয়ে নিয়ে শিরোপা অর্জন করে। খেলা দেখতে মাঠে নামে হাজারো দর্শকের ঢল। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি এবং অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সভাপতি, আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ স্মৃতি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক জনাব নেজাম উদ্দিন মাতবর।
খেলা শেষে বিজয়ী চন্দ্রঘোনা ফুটবল একাডেমী ও রানার্সআপ রিজার্ভ বাজার ফুটবল একাডেমীর খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আরো পড়ুন→কক্সবাজার থেকে সুপ্রাসহ তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে সিআইআইডি