রাঙামাটিতে মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেছেন, মাদকই সকল অপরাধের মূল উৎস; তাই সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদকবিরোধী র্যালি শেষে শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, মাদকের সঙ্গে জড়িত গডফাদার, সরবরাহকারী, সেবনকারীসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সাধারণ নাগরিকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।