রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে ১ বছর ৯ মাস ৯ দিন—মোট ৬৪৯ দিনের দায়িত্ব শেষে বিদায় নিয়েছেন তরুণ নেতা মো. হাবীব আজম। তবে দায়িত্বের মেয়াদ শেষ হলেও মানুষের পাশে থাকার মানবিক পথচলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

জেলা পরিষদে দায়িত্ব পালনকালে পর্যটন উন্নয়ন, স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধি, জনসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন হাবীব আজম। পর্যটনকেন্দ্রে অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় তরুণদের জন্য ট্যুর গাইড প্রশিক্ষণের উদ্যোগও তাঁর দায়িত্বকালের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে।

দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসায় সহযোগিতা, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, বৃক্ষরোপণ এবং জ্ঞানচর্চার প্রসারে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠার মতো উদ্যোগেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

জেলা পরিষদের দায়িত্বের আগে থেকেই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন হাবীব আজম। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

হাবীব আজমের ৬৪৯ দিনের দায়িত্বের সমাপ্তি তাই শুধু একটি পদ থেকে বিদায় নয়; বরং জনকল্যাণের পথে তাঁর দীর্ঘ পথচলার নতুন অধ্যায়। পদ ও দায়িত্ব বদলালেও মানুষের জন্য কাজ করার অঙ্গীকারই তাঁর সবচেয়ে বড় পরিচয় হয়ে থাকবে।