পাহাড়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে রাঙামাটি ইয়ুথ মিশনের জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ‘একটি হাসি কর্মসূচি’র সূচনা হয়েছে। এই কর্মসূচির আওতায় একজন সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে তার শিক্ষা জীবনের পুরো বছরের যাবতীয় খরচের দায়িত্ব কাঁধে নিয়েছে সংগঠনটি।

আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) দুপুরে শহরের তবলছড়ি এলাকায় উক্ত সুবিধাবঞ্চিত ছাত্রীর হাতে নতুন স্কুল ব্যাগ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ইয়ুথ মিশন রাঙামাটির পক্ষ থেকে ব্যাগটি শিক্ষার্থীর হাতে তুলে দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ নয়ন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিশুটির শিক্ষা জীবনের অগ্রগতি সচল রাখতে এবং পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে পোশাক, বই-খাতাসহ পুরো বছরের যত ধরনের শিক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ লাগবে, তার সব কিছুই যোগাবে ইয়ুথ মিশন রাঙামাটি।

এই মানবিক উদ্যোগে সহযোগিতা করায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবীব আজমের প্রতি। হাবীব আজম উক্ত ছাত্রীর স্কুল ব্যাগ এবং আগামী ২ মাসের শিক্ষার যাবতীয় খরচ বহন করেছেন। তাঁর এই সহযোগিতার জন্য ইয়ুথ মিশন রাঙামাটির পক্ষ থেকে তাঁকে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

এমন মানবিক প্রয়াস পাহাড়ের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াতে এবং তাদের ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।