বান্দরবানের দরিদ্র ও অসচ্ছল মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পরিচালিত বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রমের আওতায় দ্বিতীয় দফায় অপারেশন সম্পন্ন করা ৫০ জন রোগীর চিকিৎসা-পরবর্তী ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম রোগীদের চোখ পরীক্ষা করেন এবং অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এ সময় রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়,ফলোআপ ক্যাম্পে চিকিৎসকরা সরাসরি উপস্থিত থেকে নতুন করে ৬০ জন চক্ষু রোগী সনাক্ত করেন,২১ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ৫০ জন রোগীর চিকিৎসা-পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করেন। সর্বমোট- ১৩১ জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন বলে সংশ্লিষ্টরা জানান।
ফলোআপ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক উছোমং মার্মা, সদর ইউনিয়নের মেম্বার বিরল তঞ্চঙ্গ্যা, সাংবাদিক বাবুল খাঁনসহ সংশ্লিষ্টরা।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় পার্বত্য অঞ্চলের দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আয়োজকরা জানান,দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।