ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট ) দুপুর আনুমানিক ২টা ৩৪ মিনিটের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গেট থেকে তাকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যান বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সাদা পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি তাকে একটি নাম্বার বিভিন্ন মাইক্রোবাসে গাড়িতে তুলে নিয়ে যায়। তবে কারা তাকে নিয়ে গেছে এবং বর্তমানে তিনি কোথায় আছেন—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় রাঙামাটির সাংবাদিক মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর সন্ধান ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
ঘটনার বিস্তারিত ও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।