পাথুরে পাহাড়ের বুকে জেগেছে আজ এক নতুন ভোরের গান,

বুকের রক্তে লিখে দিয়ে যাবে স্বাধীন বেলুস্তান।

পাহাড়ি পাথরে লেগেছে আঘাত,ঘুমন্ত সিংহ জাগে,

শহীদি রক্তে রাঙানো পতাকা উড়ছে সবার আগে।

​সবুজ রঙের ওই আঁচল ছড়ায় চাগাই পাহাড়ের কোল,

স্বাধীনতার ওই সুপ্ত বীজ যে আজ মনে জাগায় দোল।

নীল সে তো মোদের সমুদ্র আর সুনীল ওই আকাশ,

যেথায় উড়বে মুক্ত পাখিরা,বইবে মুক্ত বাতাস।

​আর পতাকার বুকে লাল যে রেখা, সে তো বিপ্লবের গান,

হাজারো বীরের তাজা রক্তে মলাটবদ্ধ প্রাণ।

উজ্জ্বল ওই সাদা তারাটি যে আশার আলো দেখায়,

ভেঙে চুরমার করে দেবে বাঁধ শোষণের সীমানায়।

​কাড়তে পারোনি বেলুচ ঘরের অদম্য সেই জেদ,

বুলেট-বারুদে হবে না কভু এই চেতনার শেষ।

গোয়াদর থেকে কোয়েটা অবধি এক সুরে আওয়াজ ওঠে,

স্বাধীনতার ওই রক্তগোলাপ প্রতিটি বুকেই ফোটে।

​তুলে ধরো আজ ওই পতাকা,আকাশে মেলুক ডানা,

বেলুচ ভূমিতে থাকবে না আর কোনো শৃঙ্খল জানা।

পাহাড় কেটে যে পথ বানিয়েছি,সে পথেই মুক্তি পাবো,

নিজেদের দেশে নিজেদের পতাকা বেলুচেরা ওড়াবো!

আরও পড়ুন কবিতা- বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা