জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে রাঙ্গামাটিতে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঐক্যজোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি পৌরসভা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বনরূপা, কাঠালতলীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বনরূপা সিএনজি স্টেশন এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং জাতীয় ঐক্যের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখার আমীর অ্যাডভোকেট মাইনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা শাখার সেক্রেটারি জেনারেল মো. আবুল বাশার।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমীর মো. আব্দুল আলীম, জেলা সেক্রেটারি জেনারেল মো. মনসুরুল হক, নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইরফানুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি পৌরসভা শাখার সভাপতি মো. খালিদ ইকবাল জালাল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা শাখার সাবেক সভাপতি শাহিদুল ইসলাম শাফিসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেন।