দৃকের ‘ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট-২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন বান্দরবানের আলোকচিত্রী সাংবাদিক মং হাই সিং মারমা। তিনি দৈনিক প্রথম আলোতে কাজ করেন। ‘প্রান্তিকে আলোকচিত্র সাংবাদিকতা’ শীর্ষক কর্মসূচির আওতায় তাঁকে এই গ্র্যান্ট দেওয়া হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলাফল প্রকাশ করে দৃক। এতে বলা হয়, নির্বাচিত হওয়ায় মং হাই সিং মারমা তাঁর প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা পাবেন। পাশাপাশি অভিজ্ঞ আলোকচিত্রীদের তত্ত্বাবধানে বছরব্যাপী প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে। এ ছাড়া বাংলাদেশ প্রেস ফটো ২০২৭ প্রদর্শনীতে তাঁর আলোকচিত্র প্রদর্শনের সুযোগ পাবেন।

নির্বাচিত হওয়ার পর মং হাই সিং তার ফেইসবুক ওয়ালে লিখেন, “আদিবাসীদের মেন্টরশীপ গ্র্যান্ট এর জন্য নির্বাচিত হয়েছি। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। যারা সবসময় আমাকে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই অর্জন আমার একার নয়—এটি আমার পরিবার, বন্ধু, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের সবার ভালোবাসা ও প্রেরণার ফল। সামনে আরও নিষ্ঠা, সততা ও ভালোবাসা নিয়ে আলোকচিত্রের পথে এগিয়ে যেতে চাই।"