বান্দরবানের রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুর্গম লেকটংশে পাড়ায় হামের উপসর্গ নিয়ে এক মাসের মধ্যে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে এখনো কোনো চিকিৎসক বা মেডিকেল টিম পৌঁছায়নি বলেও অভিযোগ করেছেন গ্রামবাসী।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আজ (শনিবার) আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন,“পলি খুমী (৯) — পিতা: শৈলুং খুমী, মাতা: লেলুং খুমী। নাতয়ই খুমী (৬) — পিতা: তয়সাং খুমী, মাতা: নাইক্য খুমী।"
গ্রামবাসীর দাবি, পাড়াটিতে এখনো অনেক শিশু হাম রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। নিহত শিশুদের পরিবারগুলো অত্যন্ত দরিদ্র হওয়ায় সময়মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। ফলে তারা তাদের সন্তানদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয়রা দ্রুত স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, মেডিকেল টিম পাঠানো এবং আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন।
আরো পড়ুন→বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে