বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তোফায়েল আহমদকে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত নীতিমালা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪ (৩ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ছয় মাসের জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত এডহক কমিটির সভাপতি হিসেবে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন তোফায়েল আহমদ। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনয়নে রয়েছেন মোহাম্মদ ওসমান গণি এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনয়নে রয়েছেন মোহাম্মদ তৈয়ব উল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(২) ধারা অনুযায়ী এডহক কমিটি ব্যবস্থাপনা কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি শিক্ষক ও কর্মচারী নিয়োগ-সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।এদিকে, বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তোফায়েল আহমদ মনোনীত হওয়ায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
আরো পড়ুন→বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন