সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের রুমা উপজেলার ৫০০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। আজ বুধবার প্রথম ধাপে ৩০০জনের এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আগামীকাল আরও ২০০জন এ ত্রাণ সহায়তা পাবেন।

‎বুধবার উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

‎এদিকে রুমা উপজেলা প্রশাসনের উদ্যোগেও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় শুকনো খাদ্য, যা দুর্গত মানুষের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।

‎স্থানীয় শৈম্রাসং মারমা বলেন, সাম্প্রতিক ১১দিনের বন্যায় রুমা উপজেলার অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছিল। সরকারি এই সহায়তা আমাদের জন্য স্বস্তি এনে দিয়েছে। আমাদের খোঁজখবর রাখার জন্য বিএনপি সরকার এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও প্রশাসনকে ধন্যবাদ।

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য রেভা. লালজার লম বম আমাদের সময়কে বলেন, আপাতত রুমার ৫০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আরও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। যারা প্রকৃত অর্থে বন্যায় ক্ষতিগ্রস্ত, বিএনপির সরকারের এ সহায়তা থেকে তাদের কাউকে বাদ দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার হবার পর থেকে নিয়মিত বান্দরবানে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। বান্দরবানবাসী সরকারের সহায়তায় পেয়ে বন্যার সঙ্গে যুদ্ধে জিতেছে।

‎রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী আমাদের সময়কে বলেন, উপজেলা প্রশাসন বন্যার শুরু থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে ছিল। ভবিষ্যতেও ত্রাণ সহায়তা দেওয়া হবে।

‎এসময় উপস্থিত ছিলেন, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী, বিএনপির উপজেলা সভাপতি থুইসাঅং মারমা, দৈনিক আমাদের সময়ে জেলা প্রতিনিধি, নুসিং থোয়াই মারমা, ২নং সদর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, বিএনপির নারী নেত্রী ঙৈনুচিংসহ আরও অনেকে।

আরো পড়ুন→বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি