বান্দরবানে মাত্র ৫'শত টাকার জেরে উচিনু মারমা (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিউ গুলশান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. সেলিম। তিনি নিউ গুলশান এলাকার বাসিন্দা।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে সামান্য ৫০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে উচিনু মারমার সাথে অভিযুক্ত সেলিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম ক্ষিপ্ত হয়ে উচিনু মারমার ওপর চড়াও হন।

নিহত উচিনু মারমার শ্যালক বাবুশে মারমা বলেন,"মাত্র ৫০০ টাকার জন্য সেলিম ভাই আমার দুলাভাইকে এভাবে হত্যা করবে, তা আমরা কল্পনাও করতে পারছি না। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় উচিনু মারমাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আতাউর করিম বলেন, "দুপুর সাড়ে ১২টার দিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উচিনু মারমাকে হাসপাতালে আনা হয়। আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টার পরও দুপুর ২টা ১৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।"

শরীরে আঘাতের চিহ্নের ব্যাপারে জানতে চাইলে এই চিকিৎসক বলেন, "প্রাথমিকভাবে উচিনু মারমার শরীরের বাইরের অংশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ পারভেজ বলেন, "উচিনু মারমার মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এই মৃত্যুর পেছনে প্রকৃত রহস্য ও বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণসহ বিস্তারিত জানানো সম্ভব হবে।"

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মো. সেলিম পলাতক রয়েছেন বলে জানা গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন→২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক