টানা ভারী বর্ষণ এবং সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণের করেছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি এর নেতৃত্বে বলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র প্রাঙ্গণে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়, যা দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জোন কমান্ডার জানান, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, দুর্যোগ মোকাবিলা, ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা, কল্যাণ এবং দুর্যোগকালীন সহায়তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও যেকোনো জাতীয় দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।
আরো পড়ুন→প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক