সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগকালীন খাত থেকে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
দৈনিক আমাদের সময়-কে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশসহ বান্দরবানে বন্যায় কবলিত মানুষের প্রতিটা মুহূর্ত খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জন্য ৪০০মে.টন খাদ্যশস্য পাঠিয়েছেন। দুর্যোগকালীন সময়ে এ খাদ্যশস্য বান্দরবানবাসী'র অনেক উপকারে এসেছে।
পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ও খাদ্যসংকটে পড়া পরিবারের তালিকা পরিষদের সদস্য-সদস্যা, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সহায়তায় প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
জেলা পরিষদ আরও জানিয়েছেন, বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি রোয়াংছড়ি এ সাতটি উপজেলায় এ চাল বিতরণ করা হবে। পরিষদের সদস্য-সদস্যা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার হবে।
বন্যা কবলিত মাসুমা, মেচিং মারমা, শৈমে মারমা, ইরা তঞ্চগ্যা, রহিম, সুমন চাকমা স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বন্যায় অনেক শতকরা ৯৯ শতাংশ পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগ দুর্গত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি বয়ে এনেছে। এবং আমাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।
এর আগে বন্যা প্রথম দিন থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বন্যায় কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করে আসছে।
আরো পড়ুন→গৌরীপুরে উদ্যান তত্ত্ববিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ