অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের সহায়তায় বান্দরবানে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১০ জুলাই) সকালে বান্দরবান সদর জোনের উদ্যোগে কুহালং ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বান্দরবান সদর জোন সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল কুহালং ইউনিয়নের উনুচিং মং কারবারি পাড়া, উসই মং কারবারি পাড়া এবং বাকিছড়া মুখ এলাকায় পানিবন্দি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে।
এ সময় মোট ৫৩টি পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং চলমান বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেন।
এসময় ত্রাণ বিতরণ কার্যক্রমে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, “দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বন্যা শুরু হওয়ার পর থেকে তাদের এলাকায় আগে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর এই সময়োপযোগী মানবিক সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করেছে। এ উদ্যোগের জন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বান্দরবান সদর জোন জানায়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।