"উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রুমা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)লিজা আক্তার বিথী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকার স্বীকৃতি দেওয়া এবং এর গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরা। বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য,দেশের পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি বছর ৬ জুলাই বাংলাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়ে আসছে।