শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে বান্দরবানের রোয়াংছড়িতে থানার উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই, ২০২৬) সকালে রোয়াংছড়ি থানা সংলগ্ন মাওসেতুং তঞ্চঙ্গ্যা অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল আহমেদ।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের পাশাপাশি খাতা, কলম ও অন্যান্য শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের শিক্ষা ও মানবিক উন্নয়নে পুলিশের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রং বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং রোয়াংছড়ি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ