"সুস্থ চোখ, সুন্দর জীবন" — এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ৪ঠা জুলাই, ২০২৬ (শনিবার) বান্দরবান সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সেবা ক্যাম্প।
আগামী ৪ঠা জুলাই (শনিবার) সকাল ৮:০০ টা থেকে দুপুর ৩:০০ টা পর্যন্ত বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প পরিচালিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে। এছাড়া রোগীদের মাঝে ফ্রি ওষুধ ও চশমা বিতরণ করা হবে। চক্ষু পরীক্ষায় যাদের চোখের ছানি অপারেশন প্রয়োজন বলে শনাক্ত হবে, তাদেরকে পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে 'চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে' ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

এই মহতী ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার, লেখক, কবি, চিকিৎসক এবং পরিচালক ডাঃ উঃ মং উষাথোয়াই। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য উঃ কে এস মং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজকর্মী উঃ উছোমং মার্মা।
৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা-এর উদ্যোগে এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে কারিগরি ও চিকিৎসাগত সহযোগিতা প্রদান করবে 'চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম'।
সার্বিক সহযোগিতায় থাকছেন ক্যাঅংপ্রু মার্মা, মংপু মার্মা, উক্যনু মার্মা, মাংয়াং ম্রো প্রদীপ, সেমপ্রু মার্মা (ভারপ্রাপ্ত) সহ স্থানীয় চেয়ারম্যানবৃন্দ।
এদিকে চক্ষু চিকিৎসা ক্যাম্পটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ২রা জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক বিশেষ সমন্বয় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মার সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।
উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি উছোমং মার্মা। এছাড়া আরও উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সদস্য বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া এবং সুয়ালক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও কার্বারীবৃন্দ।

সমন্বয় সভায় বক্তারা বলেন, "ভৌগোলিক দুর্গমতার কারণে পার্বত্য অঞ্চলের বহু মানুষ নিয়মতান্ত্রিক আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। প্রত্যন্ত ও পাহাড়ি জনপদের সাধারণ মানুষ যেন এই ক্যাম্প থেকে সর্বোচ্চ চক্ষু সেবা ও ফ্রি অপারেশনের সুযোগ গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।" একই সাথে ক্যাম্পটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান বক্তারা।
আরো পড়ুন→অনিয়মের তদন্ত প্রতিবেদনে নাম তবু গুরুত্বপূর্ণ পদে বহাল ইইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক নেতা