সুস্থ চোখ ও সুন্দর জীবনের প্রত্যয় নিয়ে বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয়ে আগামী ৪ঠা জুলাই (শনিবার) দিনব্যাপী এক বিশাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (২রা জুলাই) সকালে বান্দরবান শহরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্যাম্প পরিচালনা কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজন কমিটির সভাপতি ও সমাজকর্মী উছোমং মার্মা জানান, আগামী শনিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলবে। ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হবে। এছাড়া পরীক্ষা-নিরীক্ষা শেষে যেসব রোগীর চোখে ছানি ধরা পড়বে, তাদের উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে 'লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম'-এ নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। চোখের পাশাপাশি ক্যাম্পে সাধারণ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবাও দেওয়া হবে।

লিফলেট সূত্রে জানা গেছে, এই মানবিক চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার, লেখক, কবি ও বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ উং মং উশাতোয়াই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উং কে এস মং।

৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা-এর আয়োজনে এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের সহযোগিতায় এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে।

এতে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন উং কে এস মং এবং সার্বিক সহযোগিতায় থাকছেন ক্যঅংপ্রু মার্মা, মংপু মার্মা, উক্যনু মার্মা, মাংয়াং ম্রো প্রদীপ ও সেমপ্রু মার্মাসহ স্থানীয় চেয়ারম্যানবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন কমিটির সদস্য সাংবাদিক বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া, সাইফুল আলম, আব্দুল মান্নান, উচসিং মার্মাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে এলাকার সুবিধাবঞ্চিত ও চক্ষু সমস্যায় ভোগা সকল সাধারণ মানুষকে এই ক্যাম্পে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে এমপি সাচিং প্রু জেরী, অনুদান প্রদান ও বৃক্ষরোপণ