নিজস্ব প্রতিবেদকঃ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের পাহাড়ি সড়কগুলো এখন পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মোটরবাইক নিয়ে পাহাড় জয় করার প্রবণতা দিন দিন বাড়ছে তাছাড়া মাইক্রোবাস,জ্বীপ, কার ইত্যাদি নিয়েও অনেকে আসছেন পাহাড়ে। তবে এই রোমাঞ্চই এখন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পর্যটকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি রাস্তার জটিলতা ও নিরাপত্তা বিধিকে তোয়াক্কা না করে প্রতিদিন শত শত পর্যটক ঢুকে পড়ছেন পাহাড়ের আনাচে-কানাচে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। অনেকেই অনুমতি ছাড়া ঢুকে পড়ছেন পাহাড়ি রাস্তার দুই ধারে থাকা স্থানীয় বাসিন্দাদের বাগানে। চুরি করে নিয়ে যাচ্ছেন বাগানের ফল থেকে শুরু করে নানান রকমের পণ্য। যা ক্ষতির মুখে ফেলছে স্থানীয় কৃষকদের।

বান্দরবানের চিম্বুক-নীলগিরি সড়ক, থানচি, রুমা এবং আলীকদমের ডিম পাহাড় সড়ক দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ ও খাড়া রাস্তা হিসেবে পরিচিত। স্থানীয় চালকদের মতে, সমতলের তুলনায় পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর কৌশল সম্পূর্ণ ভিন্ন।

তীব্র ঢাল ও অন্ধ বাঁক, পাহাড়ের একেকটি বাঁক এতটাই বিপজ্জনক যে, কয়েক গজ দূরের গাড়িও দেখা যায় না। বৃষ্টির দিনে পাহাড়ের পিচঢালা পথ হয়ে ওঠে চরম পিচ্ছিল। সামান্য অসতর্কতায় বা হঠাৎ ব্রেক কষলে চাকা স্কিড (হড়কে যাওয়া) করে গিরিখাদে পড়ার ঝুঁকি থাকে শতভাগ।

অভিযোগ উঠেছে, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অধিকাংশ পর্যটকেরই পাহাড়ি পথে গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই। গতির ক্ষুধা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানানোর চক্করে পড়ে অনেকেই ওভারটেকিং এবং তীব্র গতিতে চালাচ্ছেন গাড়ি, যা ডেকে আনছে চরম বিপর্যয়। বিশেষ করে বাইকারারা বেশি এই ধরনের ঝুঁকি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

পাহাড়ের আনাচে-কানাচে এই বেপরোয়া পর্যটকদের উৎপাত নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রুমা উপজেলার স্থানীয় বাসিন্দা চনুমং জানান, "এরা যেভাবে বিকট শব্দে হর্ন বাজিয়ে এবং তীব্র গতিতে আঁকাবাঁকা পথে বাইকসহ বিভিন্ন যানবাহন চালায়, তাতে রাস্তা দিয়ে হাঁটতেও ভয় লাগে। যেকোনো সময় এসে গায়ের ওপর তুলে দেবে। শান্ত পাহাড়ের পরিবেশটাই এরা নষ্ট করে ফেলছে। এরা আরো বিভিন্ন জনের বাগানে ঢুকে আম পেড়ে নিয়ে যায় যা বাগান মালিককে পরে ক্ষতির মুখে ফেলে।"

শুধু স্থানীয়রাই নন, জিপ বা চাঁদের গাড়িতে থাকা সাধারণ পর্যটকরাও এই বাইকারদের কারণে সবসময় আতঙ্কে থাকেন। অনেক সময় সরু সেতু বা বাঁকে হুট করে বাইক সামনে চলে আসায় বড় গাড়িগুলোকে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক