হারিয়ে গেছে সেই চেনা সবুজ পাহাড়,
শহরের বুক চিরে নদীটা আজ বড় একা—
বহমান স্রোতে তার কষ্টের হাহাকার,
নেই আর মনোরম গ্রামের সেই চেনা দেখা।
পূর্ব-পশ্চিম, উত্তর কিবা দক্ষিণ,
যেথায় ছড়ানো ছিল তৃণাচ্ছন্ন বনানী;
কালের গর্ভে আজ তারা যেন হীন,
বৃক্ষশোভিত বনের ফুরিয়েছে কাহিনী।
মানুষের হিংস্রতায়, লোভের ভয়াবহ তাণ্ডবে,
সারি সারি বনভূমি ন্যাড়া হয়েছে বহুকাল;
সবুজকে হত্যা করে উৎসব চলে ভবে,
কঙ্কালসার নগরী বুনেছে মরণজাল।
মানুষের বেশে এ কোন হিংস্র প্রজাতি,
উন্মত্ত উল্লাসে কাটে জীবনের মূল!
ক্রমশ সংকুচিত হচ্ছে বনের বসতি,
অসহায় বনবাসী চোখে দ্যাখে সর্ষেফুল।
সবুজ পাহাড়ের কান্না কেউ তো শোনে না আর,
নদী কাঁদে একা একা নগরের কংক্রিটে;
প্রকৃতি হারিয়ে আজ মানুষই হলো ছার,
বিষাক্ত নিঃশ্বাস মিশে রয় প্রতিটি ইঁটে।
আরও পড়ুন কবিতা আজন্ম পাপের উপাখ্যান