বান্দরবানের থানচি উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ জুন) বেলা ১১টায় মাল্টিপারপাস হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্বে, অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক সুমন কুমার বসাক, পার্টনার মনিটরিং অফিসার শাহ রিয়াজ, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, পার্টনার প্রকল্পের উপকারভোগী সদস্য এবং কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কংগ্রেসে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা, উদ্যোক্তা উন্নয়ন এবং কৃষিভিত্তিক আয় বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রকল্পটি কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তাঁর বক্তব্যে বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগের পাশাপাশি পার্টনার প্রকল্প কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে অভিজ্ঞতা বিনিময়, সফলতা উপস্থাপন করা হয়। উপস্থিত কৃষকরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
আরো পড়ুন→কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু
No tags found for this post.
মন্তব্য করুন